মানব পাচারের অভিযোগে লিবিয়ার নাগরিকসহ গ্রেপ্তার ৬

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অবৈধ কর্মকান্ড ও বাংলাদেশের ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে লিবিয়ার নাগরিক  সামির আহমেদ ওমর ফরাজ এবং পল্টন থেকে এক রিক্র্যুটিং এজেন্সির মালিক আব্দুল গোফরানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৩ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল গোফরান সুফি ইন্টারন্যাশনাল লিঃ নামের রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার এখলাছপুরে। 

র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মানবপাচারকারী চক্রের কবলে পড়ে বিভিন্ন প্রকার হয়রানি এমনকি প্রাণহানির শিকার হয়েছে এদেশের অনেক তরুণ। র‌্যাবের ব্যাপক মানবপাচার বিরোধী অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে মানবপাচারকারী চক্রের দালালরা। তবুও কতিপয় অসাধু ব্যাক্তি মানবপাচারের মতো অপরাধমূলক কাজ করে যাচ্ছে। লিবিয়ার নাগরিক সামির আহমেদ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ না করে সুফি ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রপ্তানীর ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে ৪ লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালীতে পাঠান।

এ ছাড়া লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানীতে প্রতি বছর বহুসংখক লোক নিয়োগ ও অধিক বেতনের প্রলোভনে মানুষ সগ্রহ করে আসছিলেন তারা।