বিদ্যুৎস্পর্শে সীতাকুন্ড শ্রীপুরে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের নবনির্মিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মমতাজ উদ্দিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নের গোদারপাড়া এলাকার নুর ছাফার ছেলে। আহত অবস্থায় মো. রশিদ (৫৫) নামে অন্য একজনকে হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তিনিও মারা যান। রশিদ একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

সীতাকু- থানার এসআই আশরাফ সিদ্দিকী জানান, কারখানার অভ্যন্তরে একটি ডোবার পাশে মাটি কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক।

অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ইমরান হোসেন (৪১) নামে এক ইজিবাইকচালক গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার জানান, রাতে চার্জে দিয়ে রাখা ইজিবাইকটির প্লাগ সকালে খুলতে গেলে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতের বৃষ্টির কারণে ওই প্লাগ পয়েন্টটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।