নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার রাতে তাকে আড়াইহাজারের দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
তার নাম আমিনুল ইসলাম (২০)। সে ফেসবুকে ‘ঘুমন্ত শার্দুল’ নামের আইডি খুলে প্রচারণা চালাতো।
এটিইউ’র পুলিশ সুপার আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যে বুধবার রাতে আড়াইহাজারের দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ সংগঠন এবিটির এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
আমিনুলের কাছ থেকে ১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের উগ্রবাদী বই ও দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে।
এসপি আসলাম খান জানান, ‘জিজ্ঞাসাবাদে সে তাদের দলের মূল উদ্দেশ্যে জঙ্গি কার্যক্রমের মাধ্যমে যে কোনো মূল্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা বলে জানায়। এ লক্ষ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্নভাবে তাদের উগ্রবাদী মতামত প্রচার করতো। সে নিজে একটি গ্রুপের এডমিন হিসেবে কাজ করেছে।’
‘ফেইসবুক জিহাদী মতাদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরি করে অনলাইনে তা বিরতণ করতো। কিন্তু কিছুদিন পর ফেইসবুক কর্তৃপক্ষ ওই গ্রুপের আইডি বন্ধ করে দেয়। পরে সে ‘ঘুমন্ত শার্দুল’ নামের নতুন আইডি খুলে প্রচারণা শুরু করে’ জানান এটিইউ’র এই কর্মকর্তা।
তিনি আরও জানান, আমিনুল বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করছিল। এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তার লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।