বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে একটি ট্রলারডুবির ঘটনায় ৩ জেলের সন্ধান গত তিন দিনেও মেলেনি। বুধবার সকালে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ তিন জেলের সন্ধান শুক্রবারও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের ইলিয়াছ কোম্পানির ট্রলারটি ১২ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বুধবার সকাল ৮টার দিকে সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে সাগরে জাল ফেলে নোঙর করে ট্রলারটি। হঠাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ১২ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জনকে অন্য ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও অপর ৩ জনকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ জেলেরা হলেন- আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুসকুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (৩৫), একই গ্রামের মোহাম্মদ বাঁশির ছেলে কফিল উদ্দিন (৩০)। অপরজন বাঁশখালী উপজেলার হাটখালী এলাকার বাসিন্দা। তবে তার নাম জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ডুবে যাওয়া ওই ট্রলারের মাঝি জহির উদ্দিন জানান, সাগরে জাল ফেলে টানার সময় হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় নিখোঁজ তিনজন ট্রলারের কেবিনের ভেতরে ছিলেন।