দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত পাথরের চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছে।
শুক্রবার সকাল ৮টায় ভারতের বিহার প্রদেশ থেকে আমদানিকৃত পাথরবাহী মালবাহী ট্রেনটি ৪১টি বগি নিয়ে বিরল রেলবন্দর দিয়ে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। খালাস শেষে ট্রেনটি আবারও দর্শনা হয়ে পুনরায় ভারতে চলে যাবে।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, লকডাউনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। যার কারণে দেশের বাজারে পাথরের সরবরাহ কমে গিয়ে দামও বেড়ে গিয়েছিল। অপরদিকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাথরের সরবরাহে ব্যাঘাত ঘটায় সেসব কার্যক্রম ব্যাহত হচ্ছিল। দীর্ঘ আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হলেও তা চাহিদার তুলনায় ছিল অনেক কম। এ কারণে দেশের চাহিদা মেটাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সড়কপথের পাশাপাশি রেলপথ দিয়ে পাথর আমদানি করা হচ্ছে।
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, আজ সকালে আমদানি করা পাথর নিয়ে ভারত থেকে একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটিতে সর্বমোট ২ হাজার ৪১১টন চিপস পাথর আমদানি করা হয়েছে, যার আমদানিকারক রাজশাহীর পুঠিয়ার বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল। বর্তমানে ট্রেনটি থেকে পাথর খালাসের কার্যক্রম চলছে।