কলাবাগান থেকে তৃতীয় শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তার (১২) নামের এক কিশোরীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের খামার শিমুলিয়া গ্রামের কলাবাগান থেকে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ঝুমা আক্তার উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা মুকুল মিয়া জানায়, বৃহস্পতিবার বেলা ৩ টায় বাড়ির পাশে মাদ্রাসার টিউবওয়েলে  গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঝুমা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে ইব্রাহিমের কলাবাগানে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে তা আমার জানা নেই। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কলাবাগানে নিয়ে এক বা একাধিক ব্যক্তি ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করেছে।

তিনি বলেন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।

এ ঘটনায় নির্মাণাধীন মাদ্রাসার চার শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।  এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।