ছবি তুলতে গিয়ে শরীরের চাপে ভেঙে গেল ২০০ বছরের পুরনো মূর্তি

অনেকেই ঘুরতে গিয়ে মনোরম কোনও দৃশ্য ও কোনো ঐতিহাসিক স্থাপনা বা মূর্তির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে আবার ছবি তুলতে গিয়ে এতোই হুড়োহুড়ি শুরু করেন যে অনেক সময় ক্ষতিও করে ফেলেন।  

শুক্রবার এমনই এক ঘটনা ঘটেছে ইতালির গিপসোথেকা আন্তোনিও ক্যানোভা মিউজিয়ামে। সেখানে ২০০ বছর আগের ইতালীয় নব্য ক্লাসিক্যাল ঘরানার ভাস্কর আন্তোনিও ক্যানোভার তৈরি এক মূর্তির গায়ে হেলান দিয়ে ছবি তুলতে গিয়ে তার একাংশ ভেঙে ফেলেন এক পর্যটক।

সংবাদ সংস্থা রয়টার্স এই ঘটনার একটি ভিডিও টুইট করেছে। ইতালির ক্যারাবিনিয়েরা মিলিটারি পুলিশের নজরদারি ক্যামেরায় ধরা পড়া সেই ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অর্ধশায়িত নারীমূর্তির গায়ে এক রকম হেলান দিয়েই ছবি তুলছেন এক ব্যক্তি। ছবি তুলে দিচ্ছেন এক মহিলা। সেখানে কোনও নিরাপত্তা কর্মীকে দেখা যাচ্ছে না। কেউ তাদের এমন কাজ করতে বাধাও দিচ্ছেন না। ফলে তারা নিজেদের মতো করে ঘুরে ঘুরে ছবি তুলছেন।

ভিডিওটি ভাল করে লক্ষ করলে দেখা যাবে, ওই পর্যটক বুঝতে পেরেছিলেন তার শরীরের চাপে মূর্তিটির একটি আঙুল ভেঙে গিয়েছে, তিনি ঘুরে সেটি দেখেনও। কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন এবং সেই ভাবেই তিনি মিউজিয়াম থেকে বেরিয়ে যান।

রয়টার্স ভিডিওটির সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেছে। সেখানে ক্লোজাআপে দেখা যাচ্ছে নারীমূর্তিটির একটি পায়ের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূর্তিটির পায়ের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পর্যটকের শরীরের চাপে।

পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি অস্ট্রেলিয়া থেকে আসা আট জনের একটি দলের সদস্য। এবং যে মহিলা এই ট্যুর আয়োজন করেছিলেন, ওই ব্যক্তি তার স্বামী। পরে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তার নাম, পরিচয় প্রকাশ করা হয়নি। ইতালির আদালত এখন ঠিক করবে, ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে কিনা।