অফিস-আদালত সম্পূর্ণভাবে খুলে দিয়ে সরকার করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কুড়িগ্রামের নিজের বাসা থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারি অফিস-আদালতে সবাইকে কাজে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাতে প্রমাণ হয় যে, এই সরকার মানুষের জীবন বাঁচানোর জন্য নয়, মানুষের সুরক্ষা দেওয়ার জন্য নয়। এই সরকার হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য। সরকার ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি করতে সহায়তা করছে।
তিনি বলেন, আমি মনে করি, সরকারি অফিস-আদালতে সবাইকে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা অমানবিক ও মনুষ্যত্বহীন। এভাবে অফিস-আদালত খুলে দেওয়ার কারণে সংক্রমণের মাত্রা আরও বাড়বে এবং আরও অসংখ্য মানুষকে করোনায় আক্রান্ত হয়ে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকতে হবে। সরকারের ব্যর্থতার সমালোচনা করে রিজভী বলেন, মানুষকে সচেতন করে করোনা প্রতিরোধ করার জন্য এই মুহূর্ত পর্যন্ত যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো পালন সরকার তো করেইনি বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দেশে স্বাভাবিক অবস্থা বোঝানোর জন্য, করোনায় মানুষ তেমন আক্রান্ত হচ্ছে না বলে পরিসংখ্যানে তারা (সরকার) ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।