ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আগের দিনের ৪ উইকেটে ৯২ রান থেকে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়। এতে ১০৭ রানের লিড পেয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৩৭ রান। ফলে পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ২৪৪ রান। ইয়াসির শাহ ১২* এবং মোহাম্মদ আব্বাস ০* চতুর্থ দিন শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। আগের ইনিংসে সেঞ্চুরি করা শান মাসুদ ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। তিনি করেন মাত্র ১৮ রান। পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন আসাদ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। এই দুইজনের বিদায়ের পর দ্রুতই ফেরেন শাদাব খান ও শাহিন আফ্রিদি। স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং বেন স্টোকস নেন দুটি করে উইকেট।
এর আগে তৃতীয় দিন শুরু করা স্বাগতিকরা ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি। লেগ স্পিনার ইয়াসির শাহ মিডল অর্ডারদের তুলে নেওয়ায় দ্রুত গুটিয়ে যায় ইংল্যান্ড। ইয়াসির ৬৬ রানে ৪ উইকেট নেন। অন্তত ৪০ টেস্ট খেলেছে এমন ডানহাতি লেগ স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন ইয়াসির শাহর। তার উইকেট সংখ্যা প্রথম ইনিংস শেষে ২১৭। তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিম্মেটকে, ৩৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ২১৬টি। এছাড়া পেসার মোহাম্মদ আব্বাস নেন ২টি উইকেট। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওলিয়ে পোপ। ৩৮ রান করা জস বাটলারের সঙ্গে পোপের ৬৫ রানই ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি। নিচের দিকে স্টুয়ার্ট ব্রড ২৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর দুইশো পার করান।