নিষিদ্ধের কয়েক ঘণ্টা পর সচল নোবেলের ইউটিউব চ্যানেল

রিপোর্ট করা হয়েছিল কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। এর পর চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নোবেল ম্যান ফেরত পেয়েছেন রিয়্যালিটি শো থেকে উঠা আসা গায়ক।

ফেইসবুকে ‘ওল্ড মাস্তান’ নামের একটি পেজে দাবি করা হয়, তাদের রিপোর্টের ভিত্তিতে নোবেলের চ্যানেলটি বন্ধ করে ইউটিউব কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে সেখানে দাবি করা হয়, “জনপ্রিয় সারেগামাপা-খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে নোবেল ম্যানের ১.৪ মিলিয়ন সাবক্রাইবার্সের ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হলো। কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করেই যাব ও একটি আদর্শ সাইবার স্পেস হিসেবে উপহার দিব।”

কিন্তু পাল্টা দাবিতে নোবেল চ্যানেল ফিরে পেলে ওই পেজে লেখা হয়, “নোবেল ম্যানের ইউটিউব চ্যানেল গতকাল মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশবার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে। মাস্তানের সাথেই থাকুন।”

তবে কপিরাইট ভঙ্গের অভিযোগ নোবেল ম্যানের কিছু ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি নেতিবাচক প্রচারণার আশ্রয় নিয়ে সমালোচনার মুখে পড়েন নোবেল। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে হন বিতর্কিত। পরে তিনি ক্ষমাও চান।