লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের স্ত্রীকে আর বাঁচিয়ে রাখা গেল না। শনিবার না ফেরার দেশে চলে গেছেন তিনি।
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে লেবাননে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত জ্যান ওয়াল্টম্যান্সের স্ত্রীর মৃত্যুর খবর জানানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
ওয়াল্টম্যান্সের স্ত্রী হেডউইগ ওয়াল্টম্যান্স-মলিয়ের বয়স হয়েছিল ৫৫ বছর। বিস্ফোরণ স্থলের কাছেই স্বামীর সঙ্গে অবস্থান করছিলেন তিনি। এই দম্পতির দুজন সন্তান রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৫৪ জনে দাঁড়িয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।
এ ছাড়া ৬০ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন বাংলাদেশি নাগরিক।
বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ আহত হয়েছেন আরও ১০৮ জন বাংলাদেশি। এছাড়া নিজেদের এক নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।