পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাফিয়া বেগম (৭০) ও রেনু বেগম (৪০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সাফিয়া বেগম ও শনিবার সকালে রেনু বেগম পটুয়াখালী ২৫০ শয্যা হাসাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা-১০৮৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৩৫ জন।