বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিএসএমএমইউর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শনিবার জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামী জীবনের সাফল্যের নেপেথ্যে ছিল বঙ্গমাতার সমর্থন ও নিঃস্বার্থ সহযোগিতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সব অজর্নের নেপেথ্যে প্রধান শক্তি হিসেবে কাজ করেছে বঙ্গমাতার ত্যাগ ও ধৈর্য। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সঙ্গেও বঙ্গমাতার অসাধারণ অবদান রয়েছে। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেওয়ার আগে বিষয়টি নিয়ে বঙ্গমাতার সঙ্গে আলোচনা করেছিলেন। বঙ্গমাতার সহোযোগিতা পাওয়ার কারণেই বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বড় বড় অর্জন সম্ভব হয়েছে।

উপাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিজের জীবন দিয়ে আমাদের রক্তঋণে নিয়ে আবদ্ধ করে গেছেন।

শনিবার সকালে বনানীতে বঙ্গমাতার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য এসব বলেন। এ সময় বিএসএমএমইউ উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা.  কে এম তারিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।