সোমেশ্বরীতে ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু

সোমেশ্বরী নদীতে গোসলে গিয়ে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজের পরের দিন (২১ ঘণ্টার পর) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীর ঘাটে নিখোঁজ রাইদুলের (১৪) লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মৃত রাইদুল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের মজিবনগর এলাকার সুন্দর আলী ছেলে এবং বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরের দিকে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তরর করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে খালাতো ভাই রূপচানকে (৮) নিয়ে নদীতে গোসলে নামলে রূপচান পানিতে তলিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে ডুব দিলে তিনি নিখোঁজ হন রাইদুল। ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাপুর আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী নাঈম রূপচানকে জীবিত উদ্ধার করতে পারলেও রাইদুল নিখোঁজ থাকে।

পরে দুর্গাপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার চেষ্টা চালায়। এরইমধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ হতে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্তি করে ডুবুরি দল। নিখোঁজের ২১ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয়রা রাইদুলের লাশ নদীতে ভাসতে দেখে।