মেয়েকে ‘খুন’ করার অভিযোগে বাবা ও ভাই ১৮ মাস ধরে জেল খাটছেন। কিন্তু সম্প্রতি খুন হওয়া সেই মেয়েকে খুঁজে পাওয়া যায় তার প্রেমিকের বাড়িতে। প্রেমিককে বিয়ে করে সংসার করছেন ওই তরুণী!
আনন্দবাজার পত্রিকা জানায়, ঘটনাটি সামনে আসতেই উত্তরপ্রদেশের আমরোহা জেলার পুলিশি তদন্ত প্রশ্নের মুখে পড়েছে। বিনা দোষে জেল খাটানোয় পুলিশ-বিচারবিভাগকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তরুণীর পরিবারের লোকজন।
জানা যায়, গত বছর ৬ ফেব্রুয়ারি মধুপুর গ্রামের বাসিন্দা ওই তরুণীর ভাই রাহুল তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানান। এই ঘটনায় অভিযুক্ত হিসাবে ১৮ ফেব্রুয়ারি আদমপুর থানার পুলিশ তরুণীর বাবা সুরেশ, ভাই রূপকিশোর ও পাশের গ্রামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় হারিয়ে যাওয়া ওই তরুণীকে খুন করা হয়েছে। তরুণীর পোশাক ছাড়াও ‘খুনের অস্ত্র’ও উদ্ধার করেছিল আদমপুর থানার পুলিশ।
কিন্তু সম্প্রতি রাহুল জানিয়েছেন, পরিবারের লোকজন বোনকে কমলেশকে পাওরায়া গ্রামে খুঁজে পেয়েছে। প্রেমিক রাকেশের বাড়িতেই থাকেন তার বোন। ২০১৯-এ রাকেশের সঙ্গেই পালিয়ে গিয়েছিলেন কমলেশ। ইতিমধ্যে তাদের একটি সন্তানও হয়েছে।
এর পরেই আদমপুর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওই তরুণীর পরিবার। তাদের দাবি, খুনের অভিযোগে গ্রেপ্তার করে বেদম পেটানোর পর জোর করে পুলিশ খুনের কথা ‘স্বীকার’ করায় তরুণীর বাবা, ভাইকে। মিথ্যা মামলা থেকে তাদের মুক্তি দিয়ে আদমপুর থানার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই তরুণীর পরিবারের লোকজন।
তবে সেখানকার পুলিশের এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।