নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের জমি না কিনেই জোর করে দখল এবং সরকারি নালা ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড কোম্পানি নামে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কলিঙ্গা এলাকায় গড়ে ওঠা পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড কোম্পানি সাধারণ মানুষের জমি না কিনেই জোর করে দখল করছে। এর প্রতিবাদ করলেই মামলা-হামলার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
পেট্রোম্যাক্স এলপিজি কলিঙ্গার এলাকার আব্দুর রবের পৌনে ৪ শতাংশ, আতাহার আলীর ২ শতাংশ, আব্দুল কাদেরের ৩ শতাংশ, তোহিদুরের ২৮ শতাংশ, ফাতেমা আক্তারের ৪ শতাংশ, সেফরা জায়েদার ৬ শতাংশ, আমিনুল ইসলামের ৪ শতাংশ, আওলাদের ১৪ শতাংশ, কবির মিয়ার ৬ শতাংশ এবং কিবরিয়ার ১৪ শতাংশ জমি না কিনেই জোর করে দখল করে রেখেছে বলে অভিযোগ করেন জমির মালিকরা।
তারা আরও বলছেন, পেট্রোম্যাক্স এলপিজি সরকারি নালা ভরাট করে দখল করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছে। এসবের প্রতিবাদ করায় ওই কোম্পানির মালিকপক্ষ এলাকার বাসিন্দা কৃষক আকরাম ও আওলাদকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, তাদের যেসব জমি পেট্রোম্যাক্স এলপিজি না কিনেই দখল করেছে তা ন্যায্যমূল্যে সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে কিনতে হবে। এছাড়া দ্রুত সরকারি নালা দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসন করতে হবে।
তবে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী তাজুল ইসলাম বলছেন, এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ‘আমরা জমি কিনেই কোম্পানির সব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর জলাবদ্ধতার জন্য আমাদের কোম্পানি দায়ী নয়।’