নেত্রকোনায় ট্রলারে বসা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নেত্রকোনার মদনে ট্রলারে বসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর ও বাশরি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে শরীফ মিয়া (২০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নায়েকপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান জানান, গত রবিবার নায়েকপুর গ্রামের কাসেম মিয়ার সঙ্গে ট্রলারে বসাকে কেন্দ্র করে পাশের বাশরি গ্রামের জালাল মিয়ার তর্কবিতর্ক হয়। এতে কাসেম মিয়ার সমর্থক সবুজ মিয়া বাদী হয়ে জালালকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মদন থানায় চুরির মামলা করেন। এরই জেরে গতকাল দুপুরে বাশরি বাজারের পাশে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়।

মদন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা অলিজা জানান, সংঘর্ষে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মদন থানার ওসি মো. রমিজুল হক দেশ রূপান্তরকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।