রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ ২ জন আটক

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দুই হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের একটি টিম।

শনিবার দারুস সালাম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন। আটক দুজন হলেন- মো. আসলাম হাওলাদার (৪০) ও মো. ফয়সাল (২৪)। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।

ডিসি মো. ওয়ালিদ হোসেন বলেন, আটক দুইজনের কাছ থেকে দুই হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দারুস সালাম এলাকায় ইয়াবার ব্যবসা করতো বলে জানা গেছে।

আটক আসামিদের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম এলাকায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।