‘পরিষ্কার ফেভারিট নেই চ্যাম্পিয়নস লিগে’

পিএসজি, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লিঁও, আরবি লাইপজিগ। গত রাতে ভাগ্য নির্ধারিত হয়েছে বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ ও চেলসির। এরপর লিসবনে সিঙ্গেল ম্যাচের কোয়ার্টার ফাইনাল। সবকিছু মিলিয়েই এবারের চ্যাম্পিয়নস লিগে কোনো ফেভারিট দল দেখছেন না ব্রাজিলের গ্রেট রিভালদো। লিসবনে হতে যাওয়া ‘মিনি টুর্নামেন্ট’ কোনো চমক উপহার দিলেও অবাক হবেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

১২ আগস্ট ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট রূপ নেবে মিনি টুর্নামেন্টে। ২০০২ বিশ্বকাপজয়ী রিভালদো বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ খুব কঠিন একটি প্রতিযোগিতা। প্রতিটি দলে দারুণ সব খেলোয়াড় থাকায় আমরা বুঝে উঠতে পারি না যে কারা ফেভারিট। এর সঙ্গে বর্তমানের কঠিন পরিস্থিতি যোগ হয়ে তা আরও জটিল হয়ে গেছে। দলগুলোর দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা, দর্শকশূন্য স্টেডিয়াম, কোয়ার্টার ফাইনাল থেকে এক লেগের লড়াই এ সবকিছুর মিশেলে পরিষ্কার কোনো ফেভারিট দেখছি না আমি।’ চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে বিদায় নিয়েছে লিভারপুল, জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদের মতো দল। আবার আতালান্তার মতো স্বল্প পরিচিত দল এবার শেষ আটে। তাই রিভালদোর সুরে সুর মিলিয়ে বলাই যায়, এবারে চ্যাম্পিয়নস লিগে কেউ ফেভারিট নয়। ইন্টারনেট।