মাশরাফীর মা-বাবা করোনায় আক্রান্ত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার মা-বাবাসহ পরিবারের আরও চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তারা হলেন বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা বেগম বলাকা, ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজার স্ত্রী ও তার মামি।

গত শুক্রবার বিকেলে নমুনা পরীক্ষায় তাদের কভিড-১৯ পজিটিভ আসে। বর্তমানে সবাই বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরে এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি। সতর্কতা হিসেবে মাশরাফীর নড়াইল শহরের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে মাশরাফী, তার স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ি হোসনে আরা সিরাজ, স্ত্রীর বড় বোন সঞ্চিতা হক রিক্তা, ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজার করোনা শনাক্ত হয়। সুস্থ হয়ে ঈদুল আজহার আগে মাশরাফী নড়াইল আসেন এবং বেশকিছু কার্যক্রমে অংশ নেন। তবে হঠাৎ মেয়ে হুমায়রা অসুস্থ হয়ে পড়লে গত ৩ আগস্ট স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা ফিরে যান তিনি। এদিকে বিগত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন ২৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়াল ৮৯৮ জনে। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।