সুশান্তের সঙ্গে হোয়্যাটসঅ্যাপের কথোপকথন প্রকাশ্যে আনলেন রিয়া

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার হোয়্যাটসঅ্যাপ চ্যাট আগেই তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে।

এবার সুশান্তের সঙ্গে হোয়্যাটসঅ্যাপ চ্যাটের একটি স্কিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। যেখানে সুশান্ত তার রানিদিদি প্রিয়াঙ্কার ব্যবহারে দুঃখ প্রকাশ করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছে।

এমনকি সুশান্ত সেই চ্যাটে লেখেন, দিদি প্রিয়াঙ্কা বন্ধু সিদ্ধার্থ পিঠানীকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন।

এরপর তিনি সেই চ্যাটে রিয়া ও তার ভাই সৌভিকের প্রশংসা করেন।

লেখেন, ‘তোমাদের এপিক ফ্যামিলি। সৌভিক খুবই সহানুভূতিশীল। তুমিও তাই। আমার এই এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই। তুমি এবং তোমার পরিবার আমাকে ঘিরে রয়েছ, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক। তোমার কাছে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তুমিই আসল রকস্টার।’

এরপর অন্য একটি মেসেজে সুশান্ত লেখেন, তুমি প্লিজ একটু হাসো। হাসলে তোমায় খুব সুন্দর দেখায়। আমি এখন ঘুমোনোর চেষ্টা করছি। আমি চাই জামিলার মতো একটা স্বপ্ন দেখতে। চলো, বাই।’

সুশান্ত আবারও লেখেন, দিদির ব্যবহার নিয়ে তিনি চিন্তিত। দিদি যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিদ্ধার্থকে ব্যবহার করার চেষ্টা করছেন তা খুবই খারাপ লেগেছে।

এছাড়াও সুশান্ত তার দিদিকে লিখেছিলেন, ‘ওই পার্টিতে মদ্যপানের পর তুমি রিয়ার শ্লীলতাহানির চেষ্টা করেছিলে। আমার জন্য যা খুবই লজ্জাজনক।

কিন্তু কয়েকদিন আগেই সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, দুই ভাইবোনকে আলাদা করতেই এই মাইন্ড গেম খেলেছিলেন রিয়া। পরে সুশান্ত তা বুঝতে পারেন এবং দিদির কাছে ক্ষমাও চেয়ে নেন।

এছাড়াও সুশান্ত লিখেছিলেন, তার রানিদিদি মায়ের শিক্ষার বিরুদ্ধে গিয়েছে। নিজের ইগোকেই তিনি বড় করে দেখতে চেয়েছেন। অহংকারে অন্ধ ছিলেন। আর তাই সুশান্তের মনে হয়েছিল, এই বিশ্বে তার নিজের জন্য পরিবর্তন আনতে যা কিছু প্রয়োজন সবই তিনি করবেন। কেন বন্ধু সিদ্ধার্থকে তিনি সুশান্তের সামনে অপমান করছেন সেই প্রশ্নও তুলতে দেখা গিয়েছে অভিনেতাকে।

এর আগে সুশান্তের ডায়েরির কিছু পাতা ছেঁড়া পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গে রিয়া বলেছিলেন, সুশান্ত তার ও তার পরিবার সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা লিখেছিলেন। তাই তিনি ছিঁড়ে রেখে দিয়েছেন। এছাড়াও লেখা পছন্দ না হলে ছিঁড়ে ফেলা ছিল সুশান্তের অভ্যাস।

গত শুক্রবার রিয়াকে টানা ৮ ঘণ্টা জেরা করে আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার ফের জেরা করা হয় তার ভাইকেও। সোমবার জেরা করার কথা রয়েছে রিয়ার বাবাকে।