প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক দুই সেনাসদস্যকে ভেনেজুয়েলার এক আদালত ২০ বছরের জেল দিয়েছে বলে বিবিসি’র খবর।
সাজাপ্রাপ্ত সাবেক দুই মার্কিন সেনার নাম লুক ডেনম্যান ও এইর্যান বেরি। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে হটানোর যড়যন্ত্র, অবৈধভাবে অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনে ভেনেজুয়েলা সরকার।
ভেনেজুয়েলা সরকারের অ্যাটর্নি জেনারেল টারেক উইলিয়াম সাব জানিয়েছেন, এই দুই মার্কিনিকে সহযোগিতা করা অন্যদের বিরুদ্ধেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।
এক টুইট বার্তায় কয়েকটি গাড়ি, অস্ত্র ও কিছু প্রমাণাদির ছবি শেয়ার করে উইলিয়াম সাব জানিয়েছেন, তারা আমেরিকান ‘ভাড়াটে সৈনিক’ এবং এই ঘটনায় তাদের বিরুদ্ধে আনা ‘অভিযোগ’ স্বীকার করেছেন।
মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে বলেও ভেনেজুয়েলার অভিযোগ। যদিও এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেন আসছেন মার্কিন প্রেসিডেন্ট।
সমাজতান্ত্রিক মাদুরোকে প্রেসিডেন্ট বলে স্বীকার করেন না যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরোধী হুয়ান গুয়াদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি।