ময়মনসিংহের ত্রিশালে ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মনির হোসেন (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রবিবার দুপুরে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, উপজেলার নওধার গ্রামের রইছ উদ্দিনের ছাগল প্রতিবেশী আশরাফুলের গাছের পাতা খেলে দু্ই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আশরাফুলের লোকজন মনির হোসেনকে ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় তাকে রক্ষায় অন্যরা ছুটে এলে তাদেরও একইভাবে আঘাত করা হয়। এ ঘটনায় রইছ উদ্দিন ও তার ছেলে মনিরসহ সাতজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মনির মারা যান।
ওসি আরও জানান, আহতদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ ইতিমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে।