গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পাশাপাশি সাধারণ (নন-কভিড) রোগীদের চিকিৎসাসেবা ফের চালু করা হয়েছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এ-সংক্রান্ত নির্দেশনা আসার পর চিকিৎসাসেবা চালু করা হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ৫০০ শয্যার হাসপাতালে রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুরাতন ভবনে করোনা রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে বর্তমানে দুজন রোগী চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে গাজীপুর মহানগরীর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে গত ১৬ এপ্রিল করোনা ডেডিকেটেড ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন থেকে এখানে ১০০ শয্যায় করোনা রোগীর চিকিৎসা এবং পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। কিন্তু ডেডিকেটেড হাসপাতাল হওয়ায় সাধারণ রোগীদের চিকিৎসা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সম্প্রতি করোনা রোগী একেবারেই কমে যাওয়ায় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম কভিড ও নন-কভিড রোগীদের চিকিৎসায় পৃথক ব্যবস্থাপনা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন।