দৈনিক দেশ রূপান্তরের সহকারী বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজের বাবা সমাজসেবী ও ব্যবসায়ী মো. সাইদুর রহমান (৬৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ভোর পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত সাইদুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর চৌধুরীটোলা গ্রামে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মহারাজপুর সরকারি কবরস্থান চত্বরে নামাজে জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রয়াত সাইদুর রহমানের ছোট ছেলে শ্লাইখার অংকুর দেশ রূপান্তরকে জানান, শ্বাসকষ্ট দেখা দিলে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাবাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একই দিন রাত ১টার দিকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। অংকুর আরও জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তার বাবাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন দেখা দেয়। কিন্তু রামেক হাসপাতালের আইসিইউর কোনো শয্যা ফাঁকা না থাকায় তা সম্ভব হয়নি। সাইদুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।