ভুক্তভোগী মালিকদের কাছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের যথাযথ উদ্যোগ গ্রহণের আগেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের আওতায় কথিত ‘প্রাপ্ত সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০’ বাতিল চেয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মালিকপক্ষের কাছে সম্পত্তি প্রত্যর্পণের আগে ত্বরিৎ গতিতে বিধিমালা প্রণয়নের উদ্যোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে সংগঠনটি। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদ জানায়, এসব সম্পত্তির প্রকৃত মালিক ও তার উত্তরাধিকারী, স্বার্থাধিকারী বা সহ-অংশীদারদের বরাবরে দাবিকৃত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের কথা থাকলেও যেক্ষেত্রে প্রত্যর্পণের সম্পূর্ণ প্রক্রিয়া আজও শেষ হয়নি সেক্ষেত্রে এ ধরনের বিধি প্রণয়নের উদ্যোগ প্রচলিত আইন ও হাইকোর্টের রায়ের নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী।