সহধর্মিণীর অনুপ্রেরণায় বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী। গতকাল রবিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নেওয়া হলো, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু হেঁটে গেলে, একটা কাঁটা পেলেও সেটা বঙ্গমাতা বুকে পেতে নিতেন। তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন। তিলে তিলে সঞ্চয় করে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন।’