লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ গতকাল রবিবার লেবাননের উদ্দেশে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। এ সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। অন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘের আওতায় মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অধীনে ভূমধ্যসাগরে ইউনাইটেড নেশন ইনট্রিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) বর্তমানে বানৌজা বিজয় দায়িত্বরত রয়েছে। ওই দায়িত্ব নেবে সংগ্রাম। সংগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সর্বমোট ১৫ কর্মকর্তা এবং ৯৫ জন নাবিক লেবানন যাচ্ছেন।