সুপ্রিম কোর্টে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানাতে অভিযোগ বক্স স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)। গতকাল রবিবার সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের অফিসকক্ষের সামনে এ অভিযোগ বক্স স্থাপন করা হয়। বক্সে সাঁটানো লিফলেটে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের যেকোনো পর্যায়ের ঘুষ-দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও রেকর্ডিং এবং বিকাশ/নগদ/রকেটসহ অন্য কোনো মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য অভিযোগ বাক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে।
গত শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আপিল বিভাগের অপর বিচরপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের একটি ভার্চুয়াল সভা হয়। সভায় সুপ্রিম কোর্টের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির বিষয় উল্লেখ করেন সমিতির নেতারা।