করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় নভেল করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে দ্বিতীয় ধাপে হানা দিয়েছে মহামারীটি।

বিবিসি জানায়, সোমবার অস্ট্রেলিয়ায় করোনায় রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে ভাইরাসটিতে মোট ৩১৪ জন মারা গেছেন।

এদিন মৃতদের সবাই ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় অঙ্গরাজ্যটিতেই সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। ভিক্টোরিয়ায় এখন পর্যন্ত ২২৮ জনের মৃত্যু হয়েছে।

অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০০ মানুষ। আক্রান্তদের মধ্যে প্রায় ১৫ হাজারই ভিক্টোরিয়ার বাসিন্দা। 

গত এক সপ্তাহে অঙ্গরাজ্যটিতে ১০০ জনের বেশি মানুষ মারা যায় করোনায়। তবে সোমবার সংক্রমণের হার তুলনামূলকভাবে কমে এসেছে।

এদিন আক্রান্ত হন ৩২২ জন। পাঁচ দিন আগে রেকর্ড সংক্রমণে একদিনে আক্রান্ত হয়েছিলেন ৭২৫ জন।