বৃষ্টিতে খোলা ম্যানহোলের পাশে ৭ ঘন্টা দাঁড়িয়ে সতর্ক করলেন তিনি

ভারতের মুম্বাইয়ে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই নগরবাসীকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে খোলা ম্যানহোলের সামনে টানা ৭ ঘন্টা এক মহিলার দাঁড়িয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে।

রাস্তা দিয়ে চলাচল করা লোকজন তুমুল বৃষ্টির মধ্যে ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে না যান, কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেজন্য পাহারাদারের মতো সেখানে দাঁড়িয়ে থেকে পথচারীদের সতর্ক করে গিয়েছেন তিনি। নিজে ভিজেও সহনাগরিকদের জন্য ৫০ বছরের ওই মহিলার কর্তব্যবোধের প্রশংসা করছেন নেটিজেনরা।

ছবি ভাইরাল হওয়ার পর তার পরিচয়ও খুঁজে বের করে গণমাধ্যম। তিনি কান্তা মূর্তি। লোকের মুখে মুখে ফিরছে তার কথা।

কান্তা বলেছেন, ফুল বেচে সংসার, পেট চালাই, বাচ্চাদের পড়াশোনার খরচ জোগাই। রেল দুর্ঘটনায় জখম হয়ে স্বামী প্রতিবন্ধী হয়ে পড়েছেন।

মাতুঙ্গায় খোলা ম্যানহোলের সামনে দাঁড়িয়ে ছিলেন কেন জানতে চাইলে তিনি বলেছেন, বৃষ্টির পানি পাস করে দেওয়ার জন্য আমিই ম্যানহোলের ঢাকনা খুলে পথচারী, গাড়িচালকদের দাঁড়িয়ে থেকে সাবধান করি।

সূত্র: এবিপিলাইভ।