রাজশাহীর মসজিদ মিশন একাডেমির প্রায় ১১ কোটি টাকার হদিস পায়নি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, যে টাকা জঙ্গিবাদ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য জানিয়েছেন, ২০০৬-৭ থেকে ২০১৫-১৬ অর্থবছরের মধ্যে এই টাকা নগদে খরচ দেখানো হয়েছে। অডিটের সময় ব্যাংক চেকের মাধ্যমে টাকা খরচের কোনো তথ্য পাওয়া যায়নি। নগদে কোন খাতে টাকা খরচ হয়েছে তারও কোনো হিসাব পাওয়া যায়নি। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য দিয়েছেন।
বাদশা বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে মসজিদ মিশন সংস্থা চলছে। তাদের গঠনতন্ত্রের কোথাও স্কুল প্রতিষ্ঠার কথা ছিল না। কিন্তু তারা করেছে। তারা ইচ্ছেমতো স্কুলটি পরিচালনা করে। তাই সংস্থাটির নিবন্ধন বাতিল করা প্রয়োজন। একইসঙ্গে স্কুলটি সরকারের তত্ত্বাবধানে নেওয়া প্রয়োজন।