বুদ্ধিজীবী কবরস্থানে চিরশয়ানে আলাউদ্দীন আলী

দৃষ্টির সীমানা পেরিয়ে চিরতরে অচিনলোকে চলে গেলেন সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। চিরচেনা এফডিসিতে অশ্রুসজল চোখে সহশিল্পী ও শুভাকাক্সক্ষীরা বিদায় জানালেন বরেণ্য এই সুরস্রষ্টাকে। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল সোমবার বিকেল ৪টায় চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত আলাউদ্দীন আলী গত রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যান। গতকাল বেলা ১২টায় পৈতৃক ভিটা খিলগাঁওয়ের নূর-ই-বাগ মসজিদে এবং বেলা আড়াইটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় আলাউদ্দীন আলীর জানাজা। সংগীত জগতের দীর্ঘদিনের সহকর্মী, পরিবার ও শুভাকাক্সক্ষীরা শ্রদ্ধা নিবেদন করেন কালজয়ী এই সংগীত স্রষ্টাকে।

এদিকে বিএফডিসিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আবদুল মান্নান ইলিয়াস শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।