তরুণরাই উন্নয়নের চালিকাশক্তি : পলক

তরুণরাই যেকোনো উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তথ্য ও যোগাযোগবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘তাদের ইতিবাচক বিষয়ে উদ্বুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।’ গতকাল সোমবার অনলাইনে হুয়াওয়ে বাংলাদেশ আয়োজিত গ্লোবাল ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশা হুয়াওয়ের এ প্রোগ্রাম আইসিটি খাতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে উজ্জীবিত করবে এবং বিগ ডেটা, আইওটি-এর মতো নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভে সহায়তা করবে। যার ফলে ডিজিটাল বাংলাদেশ গড়তে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের নামকরা পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে ১০ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচন করবে হুয়াওয়ে। নির্বাচিত শিক্ষার্থীরা চীনের পেইচিং ও শেনঝেনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয় থেকে পাঁচ দিনব্যাপী অনলাইন কর্মসূচিতে অংশ নিয়ে নতুন নতুন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে।