প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও পদের নাম বদল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ইসির এখন কোনো কাজ নেই। নির্বাচনকে তো তারা গোরস্তানে পাঠিয়েছে, দিনের ভোট রাতে করছে। এখন প্রধান নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদকে পল্লী পরিষদ করবেন, উনি উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পিতা করবেন, সিটি মেয়রকে মহানগর পিতা করবেন। উনি এদেশের দীর্ঘদিনের ঐতিহ্য যে প্রতিষ্ঠান, যে পদ্ধতিগুলো সেটা পরিবর্তন করছেন শেখ হাসিনার কথায়। অন্যান্য কোনো রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন না।