স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নে অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো বাধার কাছে নতি স্বীকার করা যাবে না। গতকাল সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, কাজের গুণগত মান সব সময় নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অনিয়ম-দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ‘অনেক সময় দেখা যায় সম্পূর্ণ রাস্তায় বক্স একবারে কেটে ফেলে রাখা হয়, এটি করা যাবে না এবং বক্স কেটে বেড ফিলিং করে অবশ্যই রোলার করতে হবে।’
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলী ও জেলা নির্বাহী প্রকৌশলীসহ মাঠপর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন।