হাতের লেখা খারাপ হলে

হাতের লেখা খারাপ বলে মন খারাপ করো না। অসুন্দর লেখা নিয়েও পরীক্ষায় ভালো নম্বর তোলা যায়। এ জন্য দরকার লেখার নিয়মকানুন মেনে উত্তরপত্র সাজানো। মার্জিত ও গোছালো খাতা যে কারও দৃষ্টি কাড়ে। লিখেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইউসা আসরার

  প্রত্যেকটি শব্দ আলাদা করে লেখো। দুই লাইনের মধ্যে যথেষ্ট ফাঁক রাখো। লেখা যতই খারাপ হোক, শিক্ষক যেন তা স্পষ্টভাবে বুঝতে পারেন।

  প্রত্যেকটি বিষয় পয়েন্ট আকারে লেখো। এতে বুঝতে যেমন সুবিধা হয়, তেমনি প্রত্যেকটি যুক্তি আলাদাভাবে ফুটে ওঠে। উত্তর হয় সমৃদ্ধ।

  উদাহরণ দাও। উদাহরণ বিষয়কে ষোলোকলায় ফুটিয়ে তোলে। উদাহরণ দেখলে না বুঝেই লিখেছো এমন ধারণা শিক্ষক করতে পারবেন না।

  খাতার পুরো নকশা পাল্টে দিতে পারে সুন্দর মার্জিন। এ জন্য ব্যবহার করতে পারো পেনসিল বা নীলরঙের কলম। যথাস্থানে মার্জিন টেনে লেখা শুরু করো।

  খাতায় দুই রঙের কলম ব্যবহার করো। শিরোনাম, উপশিরোনাম ও গুরুত্বপূর্ণ অংশে নীল কালি এবং বাকি অংশে কালো কালি ব্যবহার করো। এতে ভালো কিছু লিখলে শিক্ষক এড়িয়ে যেতে পারবেন না।

  যদি দুই রং ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ না করো, তাহলে পুরো খাতায় কালো কলম ব্যবহার করো। পরে গুরুত্বপূর্ণ অংশে আন্ডারলাইন করে দাও।

  যতিচিহ্নের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। এতে পড়তে সুবিধা হয়। বিশেষ করে উদ্ধৃতি চিহ্নের ব্যবহার শিক্ষকের মনোযোগ আকর্ষণ করবেই।

  লেখায় ভুল হতেই পারে। তাই ভুল হলে ঘষামাজা না করে একটানে কেটে দাও। পুরো প্রশ্নই ভুল হলে ক্রসচিহ্ন দাও। এতে খাতার সৌন্দর্য অক্ষুন্ন থাকবে।