সেরেনা খেলতে চান

করোনাভাইরাসের কারণে ইউএস ওপেন থেকে অনেক শীর্ষ খেলোয়াড়ই সরে যাচ্ছেন। নারী খেলোয়াড়দের মধ্যে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাশলে বার্টি নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে ২৩ বারের গ্র্যান্ড সø্যাম জয়ী সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনে খেলার চিন্তা  নিয়েই এগোচ্ছেন।

ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে শুরু কেন্টাকি ডব্লিউটিএ ইভেন্টে খেলবেন সেরেনা। জানিয়েছেন ইউএস ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনেও অংশ নেওয়ার ইচ্ছা আছে তার। ইন্টারনেট।

‘যদি হয় তবে আমি সবগুলোতেই অংশ নেব। আমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি না। টুর্নামেন্ট বাতিল হলেও আমি বলি, আজ ওয়ার্কআউট করি দেখা যাবে কী হয়।’

করোনা প্রাদুর্ভাবের মধ্যে গত ৬ মাস ফ্লোরিডায় নিজ বাড়িতেই ছিলেন সেরেনা। ফুসফুসের সমস্যা আছে তার। তাই করোনামুক্ত থাকতে মার্চ থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন।

‘মার্চ থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছি। আমার ফুসফুসের পূর্ণ ক্ষমতা নেই, তাই জানতাম না কী হবে। যেখানেই যাই সঙ্গে ৫০টা মাস্ক থাকবে’ বলেছেন তিনি। নিজ বাড়িতেই জিম ও কোর্ট তৈরি করে নিয়েছেন।

সেপ্টেম্বরে ৩৯ বছরে পা দিতে যাওয়া সেরেনা টোকিও অলিম্পিকে অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘সেটি এখনো অনেক দূরে। জানি না শেষ পর্যন্ত (অলিম্পিক) টোকিওতে হবে কি-না। আমি একটি বিষয় শিখেছি আগে থেকে পরিকল্পনা না করা। আমি যা করি প্রতিদিন এবং প্রতি মুহূর্তের কথা ভেবে করি। আমি বেশি দূরের পরিকল্পনা করি না।’