নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সোমবার সকালে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জিয়াউর রহমান জিয়া (২৫) ও বাপ্পি মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রীবাহী পরিবহন থামিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। সোমবার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে জিয়াউর রহমান জিয়া ও বাপ্পি মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।