৬০তম জন্মদিনে বললেন, আমি করোনায় আক্রান্ত

জনপ্রিয় স্প্যানিশ অভিনেতা আন্তোনিও বান্দেরাস জানালেন, তার করোনা টেস্টে পজিটিভ ফলাফল এসেছে। নিজের ৬০তম জন্মদিনে ইনস্টাগ্রাম পোস্টে এই খারাপ খবরটি দেন ‘দেসপারেদো’ সিনেমার নায়ক।

সেখানে বলেন, আমি সবাইকে জানাতে চাই- করোনা পজিটিভ হওয়ায় ৬০তম জন্মদিন কোয়ারেন্টাইনে বসে পালনে বাধ্য হচ্ছি। আমি অন্য সময়ের চেয়ে বেশি পরিশ্রান্ত। আশা করছি, চিকিৎসকের নির্দেশনা মেনে শিগগিরই সেরে উঠব।

আরও জানান, আইসোলেশনের কারণে পড়া, লেখা, বিশ্রাম ও নতুন পরিকল্পনার সুযোগ পাচ্ছেন।

এ নায়কের পুরো নাম হোসে আন্তোনিও ডোমিনগেজ বান্দেরাস। গায়কও হিসেবে তার পরিচিতি রয়েছে। ১৯ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন বিখ্যাত স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোবারে চলচ্চিত্রের মাধ্যমে। বেশ কিছু দর্শকনন্দিত হলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বান্দেরাসের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে এভিটা, ফিলাডেলফিয়া, ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার, দেসপারেদো, অ্যাসাসিনস, দ্য মাস্ক অব জরো, ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো ও দি এক্সপান্ডেবলস থ্রি।

২০০৩ সালে নাইন নাটকে গিদো কন্তিনি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার মঞ্চে অভিষেক ঘটে। এর জন্য টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। এ ছাড়া টেলিভিশন চলচ্চিত্র ‘অ্যান্ড স্টারিং পাঞ্চো ভিলা অ্যাজ হিমসেল্‌ফ’ এবং মিনি সিরিজ ’জিনিয়াস’-এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করে দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৯ সালে ‘দেলোর ই গ্লোরিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন বান্দেরাস। একই ছবির জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।