‘আলাউদ্দিন আলী সুরসম্রাট হয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন’

প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর অবদানকে স্মরণ করলেন শাকিব খান। এ নায়কের মতে, সুরসম্রাট হয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন তিনি।

নিজের ফেইসবুক ভেরিফায়েড পেজে সোমবার এক বার্তায় এ কথা বলেন শাকিব।

ঢালিউডের এক নম্বর নায়ক  বলেন, “একটা জীবন পুরোটাই দিয়ে গেলেন সুর-সংগীতে। আপনি চলে গেলেও সুরসম্রাট হয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আপনার মতো কীর্তিমান মানুষেরা কালজয়ী কিছু সৃষ্টির কারণে বেঁচে থাকেন। আপনার অসংখ্য সৃষ্টি অমর রয়ে যাবে ইতিহাসের পাতায়।”

আরও বলেন, “হয়তো আমরা আর দ্বিতীয় আলাউদ্দিন আলী পাবো না। পরম শ্রদ্ধায় আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকবেন দোয়া করি শান্তিতে থাকবেন।”

রবিবার বিকেলে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আলাউদ্দিন আলী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। সোমবার তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

গীতিকার, সুরকার ও সংগীত পরিচালনা মিলিয়ে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন আলাউদ্দিন আলী। শাকিব খান অভিনীত একাধিক জনপ্রিয় গানে পাওয়া গেছে এ সংগীতজ্ঞের সুরের মায়াজাল।