জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নির্মিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো'র উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
সোমবার বিকেলে তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বের জন্য একটি দলিল হয়ে থাকবে। কারণ বাঙালি জাতি সৃষ্টি হওয়ার পর থেকে তাদের কোন রাষ্ট্র ছিলনা। বঙ্গবন্ধুর আগে অনেকেই বাঙালিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পেরেছিলেন একমাত্র বঙ্গবন্ধু। আমি আরটিভিকে ধন্যবাদ জানাই তারা এমন একটি উদ্যোগকে সফলতার সাথে সম্পন্ন করার জন্য।’
আরটিভি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ূন কবির বাবলু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাংলাদেশের নিপীড়িত, লাঞ্ছিত মানুষের মুক্তির একমাত্র নায়ক বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটি ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্ববহ।
মঞ্চসারথি আতাউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ইতিহাসের মহানায়ক। একজন মহানায়কের জীবনকর্ম একটি প্রামাণ্যচিত্রে ধারণ করা খুবই কঠিন কাজ। আরটিভি সেটি করতে পেরেছে বিধায় আমি আরটিভিকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই।’
আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বঙ্গবন্ধুর উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ প্রামাণ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন, আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পুনর্গঠনসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট পর্যন্ত যথাসাধ্য ধারণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে এটি অনন্য ভূমিকা রাখবে। আমরা এ প্রামাণ্যচিত্রটিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়ামেসহ সকল প্রচার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ডাবিং করে বিশ্বমাধ্যমে ছড়িয়ে দেয়ার কার্যক্রম চলছে। ’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন; শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, এমপি; নাহিম রাজ্জাক, এমপি; নির্মাতা প্রসূন রহমান, এস এ হক অলীক, অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী, অভিনেতা আহসান হাবিব নাসিম এবং সাজু মুনতাসির, আরটিভি’র অনুষ্ঠান প্রধান ও প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব, বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, উপ-বার্তা প্রধান মামনুর রহমান খানসহ আরটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ, গত বছরের ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তৈরির ঘোষণা দিয়েছিল বেঙ্গল মাল্টিমিডিয়া তথা আরটিভি। সে অনুযায়ী 'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়' নামে প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে।
প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে আরটিভির নিজস্ব অর্থায়নে। পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বকে এবং মুক্তিযুদ্ধের মতো বিশাল ঘটনাকে ২ঘন্টা ২৭ মিনিটের মধ্যে ধারণ করা একটি চ্যালেঞ্জের বিষয়। আমরা কতটুকু পেরেছি, সেটা বিচারের ভার আপনাদের উপর। তবে, আমরা বিশ্বস্ত থেকেছি ইতিহাসের প্রতি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র মৃত্যুঞ্জয়ী প্রাণ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরটিভিতে প্রচারিত সাতটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকের ডিভিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাকিলা মতিন মৃদুলা।