দিল্লীর উৎসবে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেল ‘কাসিদা অব ঢাকা’

দিল্লীর ইন্ডাস ভ্যালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র  পুরষ্কার পেল অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’। 

১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রদর্শিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাছাই করা চলচ্চিত্রগুলো। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা ছবি নানা ক্যাটাগরিতে জমা পড়ে।

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশাল ভারদ্বাজের ‘পট্টাখা’ ছিল উদ্বোধনী চলচ্চিত্র এবং সমাপনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয় নন্দিতা দাস পরিচালিত নওয়াজুদ্দীন সিদ্দিকী অভিনীত বহুল আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘মান্টো’।

‘কাসিদা অব ঢাকা’র পরিচালক অনার্য মুর্শিদ বলেন, ‘কাসিদার মতো আমাদের দেশে অসংখ্য লোক ঐতিহ্য আছে যেগুলো হয়তো আমরা আর উদ্ধার করতে পারব না। কিন্তু সংরক্ষণ করে বিশ্ববাসীকে জানান দিতে পারি, পরবর্তী প্রজন্ম আমাদেরকে ব্যাখ্যা করার জন্য একটা জায়গা তৈরি করে দিতে পারি আমরা। আমার টিম এবং প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটা।‘

কাসিদা অব ঢাকার ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ, আবহ সংগীত করেছেন প্রিন্স শুভ।

কাসিদা অব ঢাকা প্রযোজনা করেছে ইবিএস গ্রুপের অধীন প্রতিষ্ঠান বাংলা ঢোল। ইবিএসের সিওও খালেদুর রহমান দেওয়ান বলেন, ‘পুরোনো ঢাকায় জন্ম ও বেড়ে ওঠার কারণে এই কাজটার প্রতি ভালোবাসাটা ছিলো অন্য রকম। স্বল্প বাজেটে আমার টিম কাজটা করেছে,  সবার ঐকান্তিক প্রচেষ্টাতেই এটি নির্মিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। বাংলাঢোল তার বিজ্ঞাপনী কাজের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আরও কাজ করতে বদ্ধপরিকর।’

ক্বাসিদা অব ঢাকার ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=RoBQQnfdcaM