নাইজেরিয়ায় ১৩ গ্রামবাসীকে হত্যা করল বন্দুকধারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্য নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বেন্যু রাজ্যের আপা জেলার এদিকউ এলাকায় সোমবার এই হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাথারাইন অ্যানেনে।

“স্থানীয় মানুষের ওপর প্রায় সশস্ত্র ২০ জন লোক হামলা চালায়। বিক্ষিপ্তভাবে গুলি ছুড়তে থাকে তারা্। ঘটনা স্থলে একদল পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখান থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে অ্যানেনে। তবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

প্রায় ২০ কোটি জনগণের দেশ নাইজেরিয়ায় ভূমি, পানি ও রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে স্থানীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ঘটনা।