ইউরোপা লিগে রেকর্ড টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন ইন্তার মিলানের রোমেলু লুকাকু।
সোমবার রাতে ইউরোপা লিগের এক লেগের কোয়ার্টার-ফাইনালে বায়ার লেভারকুসেনকে ২-১ ব্যবধানে হারায় ইন্তার। ১৫ মিনিটে নিকোলো বারেল্লার গোলে ইন্তার এগিয়ে যায়। এরপর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। তিন মিনিট পর ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ইন্তার।
ইউরোপায় টানা গোল করার রেকর্ডে লুকাকু পেছনে ফেলেছেন কিংবদন্তি অ্যালান শিয়েরারকে। ২০০৫ সালে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে তিনি ইউরোপায় টানা ৮ ম্যাচে গোল করার নজির গড়েছিলেন।
লুকাকুর ৯ ম্যাচের মধ্যে ৫টি ছিল এভারটনের হয়ে, ২০১৪-১৫ মৌসুমে।
এদিন আরেকটি রেকর্ড হয়েছে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার লুকাকুর। ইন্তারের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচে গোল পেয়েছেন তিনি।