সড়কে প্রাণ গেল ৩ যুবকের

যশোরের ঝিকরগাছায় পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর শহরের সার্কিট হাউজপাড়ার কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও মিশনপাড়ার কাব্য দাস (৩০)। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম রেজা (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

যশোর জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গতকাল দুপুর পৌনে ৩টার দিকে মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোর ফিরছিলেন প্রিয় ও কাব্য। পথে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গাজীপুরের অন্য ঘটনায় স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে বন্ধু তরিকুলের মোটরসাইকেলে করে কালিয়াকৈর যাচ্ছিলেন রেজা। পথে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের বারতোপা মোড় নামক স্থানে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজার মৃত্যু হয়। তরিকুল চিকিৎসাধীন। মাওনা পুলিশ ক্যাম্পের এসআই বেলাল হোসেন জানান, এ ঘটনায় ভ্যানচালককে আটক করা হয়েছে।