ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ শান্তা আক্তারের স্বামী ওই গ্রামের মো. আশাদুল্লার ছেলে জিয়াউল ইসলাম (২৫)। মৃতের স্বামী ভাড়ায় মোটরসাইকেল ও অটোচালক। মৃত গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার মার দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী জিয়া সকাল সাড়ে ৬টার দিকে আদালতে হাজিরা দেবেন বলে ঘর থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে গৃহবধূর চাচাতো দেবর জাহিদ (৯) ঘরে উঁকি দেখে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ভাবি শান্তাকে ঝুলতে দেখে। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মৃতের মা শেফালী আক্তার বলেন, গত দুবছর আগের তাদের মধ্যে প্রেমের পর সামাজিকভাবে বিয়ে হয়। মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের পর থেকে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে মানসিক অত্যাচার করত বলে তিনি জানান।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তির পর প্রকৃত তথ্য জানা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।