নদীতে ডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সবুজ হোসেন (৩০) নিখোঁজের এক দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ১১টায় পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদীতে তার লাশ ভেসে উঠে।

এর আগে গত মঙ্গলবার সকালে পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদী পার হতে গিয়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। তিনি পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে পৌরসভার পশ্চিম মির্জারকোট গ্রামের বাসিন্দা সবুজ হোসেন সিঙ্গিমারী নদীর সাঁতার কেটে ওপারের কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামে তার ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় সিঙ্গিমারী নদীর মাঝপথে তিনি ডুবে গিয়ে নিখোঁজ হন।

পাটগ্রাম ফায়ার সার্ভিস ও পরে রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাননি।

পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ আজ বুধবার সকালে নদীতে ভেসে উঠে।