রাজধানীর মধ্য বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় জারমিন জামান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন রাকিবা আহমেদ বলেন, “জামান আগে একটি কোম্পানিতে চাকরি করলেও কিছুদিন ধরে বেকার ছিল। বুধবার রাত ৮টার দিকে নিজের মোটরসাইকেলে বন্ধু গোপালকে নিয়ে ঘুরতে বের হয়। তারা রাত ১১টার দিকে বাসায় ফিরছিল। তখন গোপাল মোটরসাইকেল চালাচ্ছিল। ফেরার সময় দুর্ঘটনা ঘটে বলে শুনতে পাই। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জামানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর গোপাল সামান্য আহত হয়েছে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।