শোক দিবসে যান চলাচলে ডিএমপি’র নির্দেশনা

শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও পার্কিং-এর ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপি’র পক্ষ থেকে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ওই এলাকায় আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট নিরসনের লক্ষ্যে চলাচলরত গাড়ি চালক অথবা ব্যবহারকারীদের শনিবার ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়কে যাতায়াতের জন্য ডিএমপি ট্রাফিক নির্দেশনা জারি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় উদ্‌যাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণ সেখানে আসবেন। আগত অতিথি ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ধানমন্ডি-৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে এবং নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এ ছাড়া রেইনবো এফডিসি হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রোশপিংমল ডানে মোড়- আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

এ দিকে ৩২নং ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব অথবা সচিব পদমর্যাদার গাড়ি এবং ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের গাড়ি পার্কিং করবে।

এ ছাড়া আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সকল গাড়ি থাকবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।